bdtalk24.com
প্রধানমন্ত্রী তারেক রহমান (ফাইল ছবি)নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর পথচলা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহসী অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী এবং সাধারণ দেশপ্রেমিক মানুষও এই প্রতিরোধযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। এর ফলে মুক্তিযুদ্ধের সামরিক কার্যক্রম নতুন গতি ও মাত্রা পায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। দেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করে।সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহস, শৃঙ্খলা, পেশাদারত্ব ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশের অন্যতম গর্বিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের অবদান যেমন অনন্য, তেমনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বর্তমানেও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
তিনি উল্লেখ করেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা, সততা ও পেশাদারত্ব আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকট মোকাবিলায় বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা জনগণের মধ্যে আস্থা তৈরি করেছে।
বাণীতে প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক, সুসংগঠিত ও পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় ছিল।
বর্তমান সরকারও আধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতার সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও সক্ষম ও গতিশীল করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হলেও দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সহযোগিতায় বাহিনী তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের সময়ও সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন। তাঁর মতে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠ—মোস্তফা কামাল, মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, রুহুল আমিন, মতিউর রহমান, নূর মোহাম্মদ শেখ ও মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী সব বীর সেনাসদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
তিনি সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশা করেন।